রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দোলনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনে অপরাধ, চুরি, মারধর, ভাঙচুর, নাশকতা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অন্তর্ভুক্ত।
মামলাগুলোর মধ্যে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। একই থানায় ২০২৬ সালের ২ জুন করা আরেকটি মামলায় হত্যাচেষ্টা, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। ২০০৮ সালের নির্বাচনী আচরণবিধি এবং ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মামলাটি করা হয়।
সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৫ জুন বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা হয়। ২০২৬ সালের ১৯ মার্চ দায়ের করা মামলায় মারধর, হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুর ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ছাড়া ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছিল। সেসব মামলায় একই বছরের ২৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
গ্রেপ্তারের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




