রাজধানীতে গণপরিবহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান সংস্থাটির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে এসব ঘটনায় সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সদস্যও রয়েছেন।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল টিম ও পিকেট ডিউটির পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে, যাতে নতুন করে নাশকতা ঠেকানো এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনা যায়।
ককটেল তৈরির উপকরণ সংগ্রহের বিষয়ে তিনি বলেন, এর আগেও বিস্ফোরক ও ককটেল তৈরির সরঞ্জামসহ কয়েকজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। দাহ্য পদার্থ কোথা থেকে এবং কী উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে পেট্রোল পাম্পসহ বিভিন্ন উৎস থেকে জ্বালানি কেনাবেচার বিষয় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।