রাজধানীসহ দেশের চার জেলায় একাধিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেন, পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা এবং খুলনার দাকোপে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীতে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে আসাদগেটে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটের কাছে তালুকদার ফিলিং স্টেশনের সামনে প্রথম ককটেল বিস্ফোরিত হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যান। পরে রাত পৌনে ১০টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় ওয়ালটন প্লাজার সামনে আরেকটি বিস্ফোরণ ঘটে।
রাত ১১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড এবং এর কিছুক্ষণ পর তেজগাঁও শিল্পাঞ্চলের একটি ফিলিং স্টেশনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছনে একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন সংশ্লিষ্টরা। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটি নিরাপদে নিষ্ক্রিয় করেন। রাত ১টার দিকে বাড্ডার ইউলুপ এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটে। একই সময়ে সরকারি তিতুমীর কলেজের সামনেও ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় পালানোর সময় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা।
অন্যদিকে মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানার প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে কালশী রোডের ফুলকলি মোড়ে পার্কিং করা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের আরও দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাসগুলোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে বুধবার রাত ৩টার দিকে। স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে শান্টিংয়ের সময় আগুনে ট্রেনটির একটি বগির কয়েকটি আসন পুড়ে যায়। রেলওয়ের গেটকিপার আগুন দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়। এ কারণে ট্রেনটি প্রায় এক ঘণ্টা দেরিতে স্টেশন ছাড়ে। এ ঘটনায় জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। প্রাথমিকভাবে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানোর ধারণা করা হচ্ছে।
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা প্রথমে প্রতিষ্ঠানের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। পরে জানালার কাচ ভেঙে কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন লাগায়। নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয় বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তারা এগিয়ে এসে আগুন নেভান। এতে গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা।
এদিকে খুলনার দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদ গ্রামের ২ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বিকেলে চালনা পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।