ঢাকার নবাবগঞ্জে একটি পরিবারের বসতবাড়ি, মসজিদ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে নিরাপত্তা এবং ন্যায়বিচার দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (এইচআরসিবিএম)। একই সঙ্গে আগামী ২১ নভেম্বর নবাবগঞ্জের কোমরগঞ্জ মাঠে অনুষ্ঠেয় একটি সমাবেশ বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের আশঙ্কা, ওই সমাবেশকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা ও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে।
গত বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এইচআরসিবিএমের বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক অ্যাডভোকেট লাকী বাছাড়। বক্তব্যে বলা হয়, ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের রামনাথপুরে মোহাম্মদ বরকত উল্লাহ খানের পরিবারের বসতবাড়ি, দরবার-এ-এলাহী জামে মসজিদ এবং নকশবন্দিয়া দরবার শরিফে ২০২৪ সালের ৭ আগস্ট হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
সংগঠনটির দাবি, ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা প্রাণনাশের হুমকি ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এতে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি ধর্মীয় কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়েছে।
এইচআরসিবিএমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর মো. আবদুল্লাহ খান সংগঠনটির কাছে লিখিত আবেদন করেন। নিজেকে প্রয়াত হযরত মোহাম্মদ বরকত উল্লাহ খানের ছেলে পরিচয় দিয়ে তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, ২১ নভেম্বর কোমরগঞ্জ মাঠে অনুষ্ঠেয় সমাবেশ বন্ধ করা, রামনাথপুরের দরবার-এ-এলাহী জামে মসজিদ ও নকশবন্দিয়া দরবার শরিফে পুলিশ মোতায়েন এবং নিয়মিত টহলের ব্যবস্থা করা।
পাশাপাশি মোহাম্মদ বরকত উল্লাহ খানের পরিবারের নিরাপদ বসবাস নিশ্চিত করা এবং মসজিদে নির্বিঘ্নে নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম পরিচালনার পরিবেশ তৈরির দাবি জানানো হয়।
এ ছাড়া হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, মসজিদ ও দরবার শরিফের আর্থিক ক্ষতিপূরণ এবং সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব গবেষক ও লেখক ড. মোহাম্মদ আবদুল হাই, সংগঠনটির উপদেষ্টা অনিল পাল, সমীর চন্দ্র মিত্র, রিপন চন্দ্র দাস, দুলাল সরকারসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।