হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনের অভিযানে প্রায় ৩২ লাখ টাকার অবৈধ ও নিষিদ্ধ পণ্য উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, সিগারেট, নিষিদ্ধ প্রসাধনী ও স্বর্ণালংকার।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৬ ও ৭ নভেম্বর পৃথকভাবে অভিযান দুটি পরিচালিত হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
প্রথম অভিযানে কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৯০টি ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।
কাস্টমস কর্মকর্তারা জানান, যাত্রী সুলতানা রাজিয়ার পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার তথ্য রয়েছে। একই বছরে আবারও সমপরিমাণ স্বর্ণ বহনের বিষয়টি শনাক্ত হওয়ায় নতুন চালানটি জব্দ করা হয়েছে।
অন্যদিকে, ৭ নভেম্বর কাতার থেকে আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বিমানবন্দর দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে রাজস্ব ফাঁকি রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।



