রাজধানীর শ্যামলীতে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মধ্যে একটি রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীত পাশে কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে ফার্মেসির সামনের কাচের দেয়াল ভেঙে গেলেও ভেতরে থাকা ব্যক্তিরা অক্ষত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানার বাবর রোডের ২/২৪ নম্বর বাড়ির নিচতলায় অনুরাগ রেস্টুরেন্ট ও একটি ফার্মেসি রয়েছে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা প্রতিষ্ঠান দুটি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে সরে যায়।
ভবনটির মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রনের দাবি, কয়েক দিন আগে হোয়াটসঅ্যাপে ফোন করে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। টাকা না দিলে তাঁকে গুলি করে হত্যা এবং বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।
রাষ্ট্রন জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় ফোন করে বাদল ওরফে কাইল্লা বাদল এবং পাপ্পু ওরফে কিলার পাপ্পুর নাম উল্লেখ করে টাকা দাবি করা হয়। ফোনে তাঁকে বলা হয়েছিল, আগের রাতে তাঁর বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। টাকা না দিলে পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। তাঁর অভিযোগ, চাঁদা দাবির ফোনের আগে ও পরের দিন, অর্থাৎ ৭ নভেম্বর রাতেও বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি তিনি পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছিলেন।
সর্বশেষ শুক্রবার রাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার প্রতিষ্ঠানের দিকে গুলি ছোড়ে। হামলার সময় মোটরসাইকেলে তিনজন ছিল বলে দাবি করেন তিনি। তবে পুলিশের ভাষ্য, দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ফার্মেসির ব্যবস্থাপক রাসেল তালুকদার মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, হামলাকারীদের শনাক্ত করতে ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ভবনমালিকের কাছে আগে চাঁদা দাবি করা হয়েছিল বলেও তিনি জানতে পেরেছেন। তবে হামলার পেছনে চাঁদাবাজি, অভ্যন্তরীণ বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।




