রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি মো. ওমর ছানিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার একটি দল ৭ নম্বর সেক্টরে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালায়। এ সময় ২৭ বছর বয়সী ওমর ছানিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওমর ছানি ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।