গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী হোসেন পাইকারি মার্কেটের প্রায় ১০০টি দোকান ও একটি পোশাক কারখানা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সাময়িক বরখাস্ত হওয়া বিচারক মো. আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে। এ ঘটনায় হামলা, ভয়ভীতি প্রদর্শন, হয়রানিমূলক মামলা এবং মার্কেটের মালিককে অপহরণের চেষ্টার অভিযোগও করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বিচারকের স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীমের পরিবারের সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ থেকেই এসব ঘটনার সূত্রপাত।
রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন হাজী হোসেন পাইকারি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আবুল কালাম আজাদ। এ সময় সমিতির সহসভাপতি নাসিরউদ্দিন খান, আ. লতিফ মৃধা, আব্দুর রউফ, দপ্তর সম্পাদক মো. কাউসারসহ অন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী আবুল কালাম আজাদ জানান, মার্কেটের মালিকানা ও সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধের জেরে আরিফুল ইসলাম তার স্ত্রীর পক্ষে একাধিকবার দোকান দখলের উদ্যোগ নেন। পুরোনো ব্যবসায়ীদের জামানতের অর্থ ফেরত না দিয়েই অন্যদের কাছে দোকান হস্তান্তরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একের পর এক মামলা করা হয়েছে বলেও দাবি তার।
ব্যবসায়ী নেতার অভিযোগ, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর ও যশোরে চাঁদাবাজি, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগে এসব মামলা করা হয়। কয়েকটি মামলায় ব্যবসায়ীরা ইতোমধ্যে নিজেদের পক্ষে নিষ্পত্তি পেয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
যশোরে দায়ের করা একটি ধর্ষণ মামলার সময় নিয়েও প্রশ্ন তোলেন ব্যবসায়ী সমিতির সভাপতি। তার বক্তব্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জুলাই যশোরের কোতোয়ালি থানায় তাদের একজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। অথচ এর আগের দিন ৪ জুলাই স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমানের উপস্থিতিতে শত শত মানুষের অংশগ্রহণে মার্কেটের বিরোধ মেটাতে সমঝোতা বৈঠক হয়েছিল। ওই বৈঠকের সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি। মামলার তদন্ত কর্মকর্তা চ্যানেল ২৪-কে বাদীকে খুঁজে না পাওয়ার কথা জানিয়েছেন এবং জমিজমা সংক্রান্ত বিরোধের সূত্র ধরে মামলাটি হয়েছে বলে উল্লেখ করেছেন বলেও দাবি করেন আজাদ।
মার্কেটের দখল নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীদের ওপর শারীরিক হামলার ঘটনাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। তাদের দাবি, দোকান দখলে বাধা দেওয়ায় কয়েকজন ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। এতে একাধিক ব্যক্তি আহত হন। পাশাপাশি একজন নারী ব্যবসায়ীকে জোরপূর্বক মার্কেট থেকে বের করে দেওয়ার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও জানান ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর বিরোধের ঘটনা আরও গুরুতর রূপ নেয়। ওই দিন নম্বরপ্লেটবিহীন একটি মাইক্রোবাসে করে মার্কেটের মালিক তৌহিদুল ইসলাম মুজিদকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। তাকে না পেয়ে বাসার কেয়ারটেকারকে গাড়িতে তুলে কয়েক ঘণ্টা বিভিন্ন স্থানে ঘোরানোর পর ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিচারকের স্ত্রীর নামে প্রকাশিত 'আলোকিত স্বদেশ' পত্রিকাকে ব্যবহার করে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। মার্কেটের বিরোধ নিয়ে টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর সংশ্লিষ্ট চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিকদের বিরুদ্ধেও অপপ্রচার চালানোর অভিযোগ তোলেন তারা।
কাজী আবুল কালাম আজাদ জানান, এসব বিষয়ে থানা-পুলিশ, জেলা প্রশাসন, আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতির কাছে একাধিকবার লিখিত অভিযোগ এবং সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিন্তু এখনো তারা প্রত্যাশিত প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
ব্যবসায়ীরা দায়ের করা মামলাগুলো প্রত্যাহার, সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিচারকের বিরুদ্ধে চলমান তদন্ত দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে এসব অভিযোগের বিষয়ে মোশাররেফা মোহাম্মদ রীমের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।