রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে গ্রেফতারের পাশাপাশি মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
বিভাগভিত্তিক হিসাবে রমনা থেকে ২৬, লালবাগে ৬০, ওয়ারীতে ৪৮, মতিঝিলে ৫২, তেজগাঁওয়ে ৯১, মিরপুরে ১৪, গুলশানে ৫০ এবং উত্তরা বিভাগে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া এসআরইউ একজন এবং গোয়েন্দা বিভাগ চারজনকে আটক করেছে।
অভিযানে তিনটি ককটেল, বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭টি ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি এক হাজার টাকার ৯২৫টি জাল নোট, সাতটি মোবাইল ফোন এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।