রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দেড় বছরের শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের একজনের শরীরের শতভাগ পুড়ে গেছে। শিশুটির শরীরেও ৫৭ শতাংশ দগ্ধের ক্ষত রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁচন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আরএস রহমান (দেড় বছর), সাবা (৩০), আবদুর রহমান (২৯), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০)। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদারের দেওয়া তথ্য অনুযায়ী, সাবার শরীরের শতভাগ পুড়ে গেছে। শিশুটির ৫৭ শতাংশ, সামসুন নাহারের ৪০ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং আবদুর রহমানের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। আবদুর রহমান, সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দিচ্ছেন।
ভবনসংশ্লিষ্ট সূত্র জানায়, নিচতলার বেজমেন্টে রাখা গ্যাস সিলিন্ডার থেকে পাইপলাইনের মাধ্যমে ফ্ল্যাটগুলোতে গ্যাস সরবরাহ করা হতো। নিয়ম অনুযায়ী রাত ১২টার পর গ্যাস সরবরাহ বন্ধ রেখে ভোরে আবার চালু করা হতো। তবে দুর্ঘটনাকবলিত ফ্ল্যাটের রান্নাঘরের চুলার সংযোগ রাতে বন্ধ করা হয়নি বলে জানা গেছে। ফলে ভোরে গ্যাস সরবরাহ চালু হওয়ার পর রান্নাঘরে গ্যাস জমতে থাকে। সকালে চুলা জ্বালানোর চেষ্টা করতেই জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ২০ মিনিটে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




