রাজধানীর কড়াইল বস্তিতে ভোরের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণ। এ ঘটনায় অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।
রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটে বনানীর টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহত তরুণের নাম শাহরিয়ার রহমান শুভ্র (১৯)। তাঁর বাবা মো. মনির হোসেন এবং মা মোর্শেদা আক্তার মিতা। তিনি টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের স্থায়ী বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় একজনের মৃত্যুর খবরও নিশ্চিত করেন তিনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।




