রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে রূপনগর থানা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে জানিয়েছে ডিএমপি। এ ছাড়া সোমবার সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ক্যান্টনমেন্ট থানা পুলিশের অভিযানে চারজন, গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) অভিযানে তিনজন আটক হন।
রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।




