রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা ওমর ফারুক রুমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে শাহরাস্তি থানা পুলিশ।
গ্রেপ্তার রুমী শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নের কসবা গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনায় আসেন তিনি। ওই নির্বাচনে তার পক্ষে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম মাঠপর্যায়ে কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে রুমীর বিরুদ্ধে। সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন এবং স্থানীয় পর্যায়ে সহিংস তৎপরতায় অর্থায়নের বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
এ ছাড়া চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’-এর চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির উপদেষ্টা তালিকায় তার নাম রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের ২৩ জুন শাহরাস্তির ওয়ারুক স্টেশন বাজারে সরকারবিরোধী মিছিল এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে আসামি করা হয়। ওই মামলার এজাহারে অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে তার সংশ্লিষ্টতার অভিযোগ উল্লেখ রয়েছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, ঢাকায় ডিবি তাকে আটক করেছে। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।