রাজধানীতে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে এক দিনে ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় বিভিন্ন থানায় ৫২টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এর মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২৭ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া তেজগাঁওয়ে ৭৬, মতিঝিলে ৫৯, উত্তরা ৫১, লালবাগে ৪৯, গুলশানে ৪৫, ওয়ারীতে ৪০ এবং রমনায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ব্যক্তিদের মধ্যে এসআরইউ তিনজন ও গোয়েন্দা পুলিশ পাঁচজনকে আটক করেছে।
অভিযানকালে পুলিশ একটি চাইনিজ কুড়াল, চারটি ককটেল, বিস্ফোরিত ককটেলের ১১টি অংশ এবং নিষ্ক্রিয় করা দুটি অংশ উদ্ধার করে। এ ছাড়া ৪ হাজার ২৮২টি ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ৪৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।