রাজধানীর মহাখালীতে খাবারের আসন নিয়ে বিরোধের জেরে ‘দূরবীন বাংলা’ নামে একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হামলায় রেস্তোরাঁর কাচ, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধা দিতে গিয়ে কর্মচারীসহ কয়েকজন মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ঘটনাস্থলে গিয়ে রেস্তোরাঁর প্রবেশপথে ভাঙা কাচের টুকরা ও ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আসবাবপত্র দেখা যায়।
রেস্তোরাঁর কর্ণধার সাফিন বেগ জানান, একটি খালি চেয়ারে এক তরুণ বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। ওই আসনে আগে থেকেই একটি পরিবার বসার অপেক্ষায় ছিল। বিষয়টি মীমাংসার জন্য কর্মীরা তরুণটিকে অন্য আসনের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে প্রথমে কর্মী খলিলকে মারধর করেন। এরপর রেস্তোরাঁয় ভাঙচুর চালানো হয়। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে।
তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে রেস্তোরাঁকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে আরও শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে হামলা ও ভাঙচুর চালান।
এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় প্রায় একশ তরুণকে ভাঙচুর করতে দেখেছেন তিনি। মোবাইল ফোনে দৃশ্য ধারণ করতে গেলে কয়েকজন তাকে ধাওয়া করেন। এ ছাড়া এক রিকশাযাত্রী ভিডিও করতে গেলে তাকেও জুতা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ পুলিশের কর্মকর্তারা। তিনি জানান, ঘটনার সঙ্গে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, খাবারের অর্ডার নিয়ে বিরোধের পর শিক্ষার্থীরা সহপাঠীদের ডেকে এনে ভাঙচুর করেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেনি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এদিকে ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁটি দ্রুত চালু করার পরামর্শ দিয়েছেন পুলিশের উপকমিশনার। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।