রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে পল্লবীর সিরামিকস রোডে দাঁড়িয়ে থাকা একটি বাস আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, রাজধানীর পাঁচটি স্থানে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে প্রথমে পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি দুপুর থেকেই সড়কের পাশে দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা সেখানে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসটি পুড়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
এরপর রাত ৯টা ২৫ মিনিটের দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, দুর্বৃত্তরা বাসটির পেছনের দিক থেকে আগুন ধরিয়ে দেয়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসেন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম জানান, একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত ১১টার দিকে রামপুরা টিভি সেন্টার সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীর শ্যামলীতে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া রাত ১০টার মধ্যে রাজধানীর আরও চারটি স্থানে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে কৃষি মার্কেটের সামনে, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এলাকায় এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয় এলাকায় ককটেল হামলা চালানো হয়। রাত ১২টার দিকে ঢাকা পুলিশ সুপারের বাসভবনের সামনে দুটি ককটেল এবং খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।
এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধারাবাহিক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।




