রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ৩৯ হাজার প্রবীণ নাগরিককে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন এসব নাগরিকের পরামর্শ ও সহযোগিতা কাজে লাগানো হবে।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন অঞ্চলভিত্তিক ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও রয়েছেন। কমিটি গঠনের পর ইতোমধ্যে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করা হয়েছে।
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকারি আবাসিক এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হচ্ছে। সরকারি কোয়ার্টারে যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না হলে সংশ্লিষ্ট বাসিন্দাদের আবাসন বরাদ্দ বাতিলের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ঢাকা শহরকে অন্য কোনো দেশের নগরীর আদলে গড়ে তোলার প্রতিশ্রুতি নয়, বরং মানুষের বসবাসের উপযোগী একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। এ জন্য নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
এ ছাড়া চিকিৎসাবর্জ্য নিরাপদে ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে পৃথক একটি উইং গঠনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এ ধরনের ব্যবস্থা থাকলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনেও নতুন করে তা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ওয়াহাদু চৌধুরী এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।