শিল্পাঞ্চলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন তাঁরা।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় রয়েছে ১৫ প্লাটুন।
এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ব্রিজ ও শিমরাইলে ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি চালাচ্ছে।
ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য বিশেষ সরঞ্জামের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়াই এ মোতায়েনের লক্ষ্য।




