নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় সৌহার্দ্যের বার্তা দিয়েছে পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (প্র্যাব)। সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ইয়াহিয়া মির্জা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী কমিটির প্রতিনিধিরা।
রোববার (১ নভেম্বর) আয়োজিত এ শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন সদ্য বিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু এবং সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপন। এ সময় তারা নতুন দায়িত্ব পাওয়া দুই নেতার হাতে ফুলের তোড়া তুলে দেন। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপুও উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত প্রীতি সম্মেলনে প্র্যাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন সিটি ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। এ সময় সাবেক নেতৃত্বের পাশাপাশি প্র্যাবের জ্যেষ্ঠ সদস্যরাও উপস্থিত ছিলেন।
২০১১ সালে ব্যাংকগুলোর জনসংযোগ, ব্র্যান্ডিং ও যোগাযোগ বিভাগের পেশাজীবীদের নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগেও যুক্ত রয়েছে প্র্যাব।
সংগঠনটির সাংগঠনিক কাঠামোতে রয়েছে ৩৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ। প্রতি দুই বছর অন্তর নতুন কমিটি গঠনের নিয়ম রয়েছে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন জনসংযোগ কর্মকর্তারাও এতে দায়িত্ব পালন করেন।
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইয়াহিয়া মির্জা। ব্যাংকিং খাতের যোগাযোগব্যবস্থাকে আরও পেশাদার ও কার্যকর করা, সহকর্মীদের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক সম্পর্ক জোরদারে তিনি সবার সমর্থন চেয়েছেন।
এদিকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু জানিয়েছেন, নভেম্বর মাসে অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে প্র্যাবের ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।