একদিকে শীতের আগমন, অন্যদিকে যমুনা নদীর পানি কমে যাওয়ায় সিরাজগঞ্জের কাজীপুরে জেগে উঠেছে বিস্তীর্ণ চরাঞ্চল। এসব চরের পলি দোআঁশ মাটিতে ব্যাপকভাবে গাইঞ্জা ধানের চাষ করছেন স্থানীয় কৃষকেরা। স্বল্প খরচে এ ধানের আবাদ করে লাভের মুখ দেখছেন তারা।
কাজীপুর উপজেলা কৃষি বিভাগ জানায়, যমুনা নদীর পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন চর জেগে উঠছে। এসব জমিতে গাইঞ্জা ধানের ফলন ভালো হয়। স্থানীয় কৃষকেরা নদীর পানি নেমে যাওয়ার পরপরই কম পানির মধ্যে ধানের চারা রোপণ করেন। এ সময় কৃষকদের হাতে অন্য কাজ কম থাকায় তারা এ ধান চাষে আগ্রহী হয়ে ওঠেন।
গাইঞ্জা ধান কৃষকের পরিবারের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়েরও সুযোগ তৈরি করে। ধান থেকে চাল পাওয়ার পাশাপাশি এর খড় গবাদিপশুর খাদ্য হিসেবে বিক্রি করে অর্থ উপার্জন করেন কৃষকেরা।
ধান ঘরে তুলতে প্রায় সাড়ে তিন মাস সময় লাগে। নিশ্চিন্তপুর গ্রামের কৃষক আব্দুল্লাহ জানান, এ ধান চাষে মূলত বীজ ও চারা রোপণের খরচ রয়েছে। অন্যান্য ধানের মতো তেমন সার প্রয়োগ করতে হয় না। আমন বা বোরো ধানের তুলনায় ফলন কিছুটা কম হলেও প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ ধান পাওয়া যায়।
চরছিন্না গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, নদীর পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা জমিতে ধান রোপণ করেন। কৃষক সালাম জানান, গাইঞ্জা ধানের চালের বাজারে ভালো চাহিদা রয়েছে। প্রতি কেজি চাল ৫৫ থেকে ৬৫ টাকা দরে বিক্রি করা যায়।
কাজীপুর উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে যমুনার চরাঞ্চলে বাড়তি ফসল হিসেবে প্রায় ৫৪০ টন গাইঞ্জা ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, মনসুর নগর, শুভগাছা, মাইজবাড়ী, কাজীপুর ও চরগিরিশ ইউনিয়নের বিভিন্ন চরে এ ধানের আবাদ হয়। প্রতিবছর নদীর বুকে নতুন চর জেগে ওঠার সঙ্গে সঙ্গে চাষযোগ্য জমির পরিমাণও বাড়ছে। এসব জমিতে বিনা চাষ, সেচ, সার ও কীটনাশক ছাড়াই গাইঞ্জা ধানের আবাদ করে ভালো ফলন পাচ্ছেন কৃষকেরা। খোলা বাজারে প্রতি মণ ধান ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক নতুন জেগে ওঠা চরে এ ধান চাষ করে জীবিকার পথ খুঁজে পেয়েছেন। আগে যেসব বালুচর অনাবাদি পড়ে থাকত, এখন সেসব জমিতে ধান উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষকেরা। চলতি মৌসুমে উপজেলার জেগে ওঠা চরে প্রায় ২৫০ হেক্টর জমিতে গাইঞ্জা ধানের আবাদ হয়েছে।
এলাকাবাসী জানান, স্থানীয়ভাবে এ ধান গাইঞ্জা নামে পরিচিত। তবে কেউ কেউ একে বর্ষাকালের কালো বোরো ধান বলেও অভিহিত করেন।




