ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছেন বিএনপির মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার ১৮৫টি কেন্দ্রের বেসরকারি ফল গণনা শেষে তার প্রাপ্ত ভোট দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৭৮৯। নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় তিনি এগিয়ে রয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটে।
নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। তার প্রতীক ছিল দাঁড়িপাল্লা। অন্যদিকে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলামের ঝুলিতে জমা পড়েছে ৩ হাজার ২৮৮ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় আসনটির সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে নিবন্ধিত ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।
বাকি দুই প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী বটগাছ প্রতীক নিয়ে এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে ভোটের লড়াইয়ে অংশ নেন।




