জামালপুরের মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ নিজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নিজাম উদ্দিন নব্যচর এলাকার মোরাদুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, এর আগেও গত ২১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন নিজাম উদ্দিন। ওই ঘটনায় তাকে কারাগারেও পাঠানো হয়েছিল। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবারও মাদকসহ পুলিশের হাতে আটক হলেন তিনি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, আটক ব্যক্তিকে সোমবার দুপুরে জামালপুরের আদালতে পাঠানো হয়েছে।