চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ভাটার চিমনি ও বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার জয়রামপুর গ্রামের সনি ব্রিকস ও দুধপাতিলা এলাকার দোয়েল ইটভাটায় অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র না থাকায় সনি ব্রিকসের চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। পরে দোয়েল ইটভাটার অবৈধভাবে পরিচালিত স্থাপনাগুলোও ভেঙে ফেলা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান না মেনে জেলায় বেশ কিছু ইটভাটা পরিচালিত হচ্ছে। এসব ভাটার মালিকদের পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি দিয়ে সতর্ক করা হলেও আইন অমান্য করে কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালা অমান্য করে পরিচালিত ইটভাটাগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হচ্ছে।




