ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মানব পাচার, মাদক চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাসপোর্ট আইনে একাধিক মামলা রয়েছে।
৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল চালায় বিজিবি। এ সময় ঝিনাইদহ শহরের একটি পাকা সড়ক থেকে মো. জহুরুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে লেবতলার বটতলা সড়কে পৃথক টহল পরিচালনা করে বিজিবি। সেখান থেকে মো. আকবর আলী মণ্ডল (৪০) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার মাঠিলা মাঠপাড়া গ্রামের মৃত তাহির উদ্দিন মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি এবং পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।