ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি শহরের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িটি পরিদর্শন করেছেন বিএনপি ও জামায়াতের দুই সংসদ সদস্য।
রবিবার (২২ নভেম্বর) রাতে বাড়িতে যান খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এবং চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজখবর নেন।
এ সময় দুই সংসদ সদস্য এ ধরনের সহিংস ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন শনাক্ত করেছে। শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। দুই এমপি সাদিক কায়েম ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া তিনজনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সোমবার সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন। মামলায় শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে আরও সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে পেট্রোল ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।




