রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানি নয়, অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ ও যথাযথ তদন্তের ভিত্তিতেই আইনি ব্যবস্থা নিতে হবে। নিরপরাধ মানুষকে হয়রানি না করার পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিষয়ে রাজনৈতিক সুপারিশ উপেক্ষা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং যথাযথ তদন্ত ছাড়া গ্রেপ্তার করা যাবে না। প্রশাসনকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেছেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অপতৎপরতা দেখা যাচ্ছে। তবে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো দমন-পীড়নের পথে হাঁটতে চায় না বর্তমান বিএনপি সরকার। একই সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিষয়ে বিএনপির কোনো নেতাকর্মীর সুপারিশ গ্রহণ না করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
আজ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতাদের প্রতি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তার মতে, আইন প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের সুনির্দিষ্ট তথ্য ও তদন্তকে গুরুত্ব দিতে হবে।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। অনলাইনে যুক্ত হন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান ও মাহমুদা আলম মিতু।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কথিত ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া নিরাপত্তা জোরদারে দপদপিয়া এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো এবং সড়কে সৌরবিদ্যুৎচালিত বাতি স্থাপনের প্রস্তাব নিয়েও আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল মন্টু, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।