শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি দেখতে কুমিল্লার বরুড়া ও চান্দিনা উপজেলার অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার নেতারা। রোববার মহাসপ্তমীতে তারা বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরের পূজামণ্ডপও ঘুরে দেখেন।
মহেশপুর রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে পরিদর্শনকালে নেতারা পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পূজার আয়োজন ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। মন্দিরটি শেরপুরের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) কেশব রায় চৌধুরীর বাড়িতে অবস্থিত।
পরিদর্শনে নেতৃত্ব দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী। তার সঙ্গে ছিলেন সংগঠনের আইসিটি সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, সদস্য নেপাল চন্দ্র দাশ এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কুমিল্লা ব্যুরোপ্রধান অধ্যাপক দীলিপ মজুমদারসহ অন্যরা।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে কুমিল্লার বিভিন্ন মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হচ্ছে। দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনের এ উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। উৎসবকে ঘিরে ধর্মীয় আবহের পাশাপাশি আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে।