শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে দিনরাত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে সীমান্ত এলাকায় ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত এ নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
রবিবার রাতে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের শিকটিহাড়ি দুর্গামণ্ডপ পরিদর্শন করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এ সময় তিনি মন্দির কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিজিবির পক্ষ থেকে মন্দির কমিটির সভাপতির হাতে উপহারসামগ্রী তুলে দেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদারের কথা জানান তিনি। যেকোনো প্রয়োজনে বিজিবির নির্ধারিত নম্বরে যোগাযোগ করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। পরে তিনি তোড়িয়া ইউনিয়নের বারঘাটি দুর্গামন্দিরও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্তের পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। টহল দল ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। দুর্গাপূজা শেষ হওয়া পর্যন্ত এ নিরাপত্তাব্যবস্থা চালু থাকবে।