সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলাটি এখন তদন্ত করবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।মঙ্গলবার শেরেবাংলা নগর থানা থেকে মামলার প্রয়োজনীয় নথিপত্র ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার গাজী নজরুল ইসলামের চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটটি গাজী নজরুল ইসলামের বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এতে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওবায়দুর রহমান এখনো পলাতক।মামলার এজাহারে মরিয়মের বাবা অভিযোগ করেন, বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে গাজী নজরুল ও মাকছুদা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে মরিয়ম পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।

এজাহার অনুযায়ী, ঘটনার দিন বিকেলে গাজী নজরুল ফোন করে মরিয়মের বাবাকে দ্রুত বাসায় আসতে বলেন। সেখানে গিয়ে তিনি মেয়েকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে মরদেহ উদ্ধারের সময় একটি কথিত ‘সুইসাইড নোট’ পাওয়ার কথাও মামলায় উল্লেখ করা হয়েছে।এখন মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম ডিবির কর্মকর্তারা পরিচালনা করবেন।