‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে যশোরে বিশ্ব মান দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএসটিআই যশোরের উপপরিচালক (সিএম) প্রকৌশলী মো. আসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। এ সময় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খান মাসুম বিল্লাহ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত বিশ্ব গড়তে পণ্যের গুণগত মান নিশ্চিত করা জরুরি। মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করা না গেলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। পাশাপাশি নিম্নমানের পণ্য জনস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি করতে পারে।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. আসলাম শেখ বলেন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করা সময়ের দাবি। পণ্যের মান নিয়ন্ত্রণের পাশাপাশি এ ধরনের জ্বালানির ব্যবহার বাড়াতে বিএসটিআই কাজ করছে।
অন্যান্য বক্তারা ভেজাল প্রতিরোধ, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং পণ্যের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে ব্যবসায়ীদের নৈতিকতার ভিত্তিতে মানসম্মত পণ্য উৎপাদনে এগিয়ে আসার অনুরোধ জানান তারা।