নতুন বছরের শুরুতেই মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে শুরু হচ্ছে ভোটের আয়োজন। পাঁচটি পর্যায়ে জেলার ৬৭টি ইউনিয়নে ভোটগ্রহণের সূচি নির্ধারণ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে ২০২৭ সালের ২১ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নে ভোট হবে। এ এলাকায় মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ৬৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৯৩০, নারী ১ লাখ ২১ হাজার ১৩৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।
দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি গজারিয়ার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ভোটার রয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৭ জন। তৃতীয় পর্যায়ে ২৯ এপ্রিল টঙ্গিবাড়ীর ১২টি ও লৌহজংয়ের ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এ দুই উপজেলায় ভোটার যথাক্রমে ২ লাখ ৩ হাজার ১৭ এবং ১ লাখ ৭৭ হাজার ৮২১ জন।
চতুর্থ ধাপে ১৩ মে শ্রীনগরের ১৪টি ইউনিয়নে ভোট দেবেন ২ লাখ ৭২ হাজার ৭৬৩ জন। সবশেষে ২৭ মে সিরাজদিখানের ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।
সব মিলিয়ে ছয়টি উপজেলায় মোট ভোটার ১৩ লাখ ৩৯ হাজার ৩২৯ জন। নির্বাচন কমিশনের ঘোষিত পাঁচ ধাপের সময়সূচির সঙ্গে মুন্সীগঞ্জের ইউনিয়নভিত্তিক ভোটের তারিখও সামঞ্জস্যপূর্ণ।জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নের ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ শেষ হয়েছে।
আগামী বছরের এই নির্বাচনকে কেন্দ্র করে জেলার ৬৭টি ইউনিয়নে পর্যায়ক্রমে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।