নানার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আরমান হোসেন (২৪)। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর বাসস্টেশনসংলগ্ন এলাকায় একটি ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, সিলেট থেকে ট্রেনে কুমিল্লায় আসেন আরমান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন। পথে কোম্পানীগঞ্জগামী অটোরিকশাটিকে কুমিল্লামুখী একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে এবং আরমান ঘটনাস্থলেই মারা যান। চালক আহত হন।
আরমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন। তার তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে। স্ত্রী স্বপ্না সাত মাসের অন্তঃসত্ত্বা। আরমানের নানী রাবেয়া খাতুন (৭০) কান্নায় ভেঙে পড়ে জানান, তার স্বামী ও ছেলে নেই। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। নাতি আরমানই তার ভরণপোষণ করতেন। নাতিকে হারিয়ে তার শেষ অবলম্বনটুকুও হারিয়ে গেল।
দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে সকাল ১০টার দিকে দেবীদ্বার থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




