কক্সবাজারের উখিয়ায় বিয়ের আগের রাতে মেহেদি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক সমাজ সরদারের নেতৃত্বে একদল লোকের বিরুদ্ধে। এতে বর মোবারক হোসেন, তার মা-বোনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত বর ও তার বোনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বিয়ের আয়োজন বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেংখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের ভাষ্য, শুক্রবার মোবারক হোসেনের বিয়ের দিন নির্ধারিত ছিল। এ উপলক্ষে আগের রাতে বাড়িতে মেহেদি অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এমন সময় সমাজ সরদার আব্দুর রহিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
বরের চাচা ছৈয়দ কাসেম জানান, হামলাকারীরা গানবাজনার অভিযোগ তুলে সাউন্ড সিস্টেম ও মঞ্চ ভাঙচুর করেন। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের মারধর করা হয়। এতে বর, তাঁর মা-বোন এবং অনুষ্ঠানে আসা অতিথিরা আহত হন।
আহতদের মধ্যে মোবারক হোসেন ও তার ছোট বোন শামসুন্নাহারের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনেরা। প্রথমে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বরের হাসপাতালে চিকিৎসাধীন থাকায় নির্ধারিত দিনে বিয়ে সম্পন্ন হয়নি।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, গানবাজনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।