সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে বিএনপির সাবেক নেতা মো. বিদ্যুৎ সরকার ও মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. গোলাম রাব্বানীর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ও পুকুর দখল, মারধর এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী, স্থানীয় বাসিন্দা ও নিজ দলের একাধিক নেতাকর্মী এসব অভিযোগ করেছেন। কয়েকটি ঘটনায় আদালতে মামলা বিচারাধীন রয়েছে। বিভিন্ন দপ্তরেও লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় প্রভাব বিস্তার করে বিদ্যুৎ সরকার ও তার সহযোগীরা একটি নিজস্ব বলয় গড়ে তোলেন। স্থানীয়ভাবে যা ‘বিদ্যুৎ বাহিনী’ নামে পরিচিতি পেয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানী।
তালম ইউনিয়নের প্রেক্ষাপট
তাড়াশ উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে আয়তন ও জনসংখ্যার দিক থেকে বড় ইউনিয়নগুলোর একটি তালম। ৮৫ দশমিক ৩৮ বর্গকিলোমিটার আয়তনের এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডের অধীনে ৩৬টি গ্রাম রয়েছে। স্থায়ী বাসিন্দা প্রায় ৪০ হাজার। ইউনিয়নটি নাটোরের সিংড়া, বগুড়ার নন্দীগ্রাম ও শেরপুর এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এখানকার অধিকাংশ মানুষ কৃষি ও দিনমজুরির সঙ্গে যুক্ত।
স্থানীয়দের ভাষ্য, অতীতে তালম ইউনিয়নে চরমপন্থীদের তৎপরতা ছিল। এখনো তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকায় ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
পুকুর ও জমি দখল, হামলার অভিযোগ
তালম পান্ডুরা পাড়ার ইলেকট্রনিকস ব্যবসায়ী ইলিয়াস হোসেন জিন্নাহ অভিযোগ করেন, ৫ আগস্টের পর তার তিন বিঘা আয়তনের একটি পুকুর ও এক বিঘা ফসলি জমি দখলে নেওয়া হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় একাধিকবার তার ওপর হামলা চালানো হয়। মারধরে গুরুতর আহত হওয়ার পর নিরাপত্তাহীনতায় নিজ গ্রাম ছেড়ে তাড়াশ উপজেলা সদরে ভাড়া বাসায় থাকতে হচ্ছে তাকে। এ ঘটনায় বিদ্যুৎ সরকারসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
একই ইউনিয়নের আদার পাড়ার কৃষক নজরুল ইসলাম বলেন, তাদের পৈতৃক ৪০ শতাংশের একটি পুকুর রয়েছে। পুকুরের মধ্যে কিছু খাসজমি থাকায় সেই সুযোগে বিদ্যুৎ সরকার তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ তার। টাকা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র নিয়ে লোকজনসহ এলাকায় মহড়া দেওয়া হয়। পরে তালম সাহেব বাজারে গেলে বিদ্যুৎ সরকার, গোলাম রাব্বানী ও আমিরুল ইসলাম তাকে মারধর করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
নজরুলের ছোট ভাই রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ভাইকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখেন। প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সাত দিন চিকিৎসার পর তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি। এ ঘটনায় বিদ্যুৎ সরকার, গোলাম রাব্বানী, আমিরুল ইসলামসহ নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে।
এ ছাড়া তালম ইউনিয়নের ভদ্রাবতী নদীর পাশের নাটোরের সিংড়া উপজেলার পিপলশন গ্রামের পিপলশন মৌজায় প্রায় ৯ বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগও রয়েছে বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে। এ নিয়ে নাটোর আদালতে মামলা চলমান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গ্রামীণ রাস্তা কেটে চলাচল বন্ধের অভিযোগ
তালম ইউনিয়নের খোসালপুর গ্রামের খাসপাড়ার বাসিন্দা মোতালেব হোসেনের অভিযোগ, একটি কৃষিজমির সেচের পাওনা সাত হাজার টাকা নিয়ে বিরোধের জেরে বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানী লোকজন নিয়ে তাদের গ্রামের প্রায় ৩০০ ফুট দীর্ঘ চলাচলের রাস্তা কেটে দেন। রাস্তার দুই পাশে বাঁশের বেড়া দিয়ে মাঝখানে ইউক্যালিপটাসের চারা রোপণ করা হয়। এতে প্রায় এক মাস ধরে খাসপাড়ার দুই শতাধিক মানুষ চলাচলে দুর্ভোগে পড়েন। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি আবার চলাচলের উপযোগী করা হয়।
মোতালেব বলেন, প্রায় ৩০ বছর আগে জনস্বার্থে তার জমির ওপর দিয়ে রাস্তাটি তৈরি করা হয়েছিল। দীর্ঘদিনের ওই চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে তালম খেলার মাঠের চারপাশের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে গোলাম রাব্বানী ও তার লোকজনের বিরুদ্ধে। গোন্তা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের একটি প্রতিবেদনে সরকারি সম্পত্তির গাছ কাটার বিষয়টি উঠে এসেছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, প্রায় লাখ টাকা মূল্যের গাছ কেটে রাতের মধ্যেই সরিয়ে নেওয়া হয়।
নিজ দলের নেতাকর্মীরাও অভিযোগকারী
বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানীর বিরুদ্ধে শুধু সাধারণ মানুষ নয়, নিজ দলের সাবেক নেতাকর্মীদেরও অভিযোগ রয়েছে।
তালম মধ্যপাড়ার বাসিন্দা হাসেম আলী তালম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক। তার অভিযোগ, ১৯৮৮ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে করা একটি মামলায় তাকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
হাসেম আলীর দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানী এলাকায় লুটতরাজ শুরু করেন। এর প্রতিবাদ করায় তাকে রাজনৈতিক মামলায় জড়ানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের তালিকা তৈরির সময় প্রকৃত আওয়ামী লীগ নেতাকে বাদ দিয়ে তার নাম অন্তর্ভুক্ত করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো. আফছার আলী ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল অবগত রয়েছেন বলে দাবি তার।
তালম ৯ নম্বর ওয়ার্ডের শিবপাড়ার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান বলেন, তালম খেলার মাঠের চারপাশে তার হাতে লাগানো কয়েকটি বড় ইউক্যালিপটাস গাছ গোলাম রাব্বানী জোর করে কেটে নিয়ে যান। বাধা দিতে গেলে উল্টো তাকে মারধরের জন্য তেড়ে আসেন রাব্বানী ও তার লোকজন। দীর্ঘদিন আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হওয়ার পর এখন নিজ দলের লোকজনের কাছ থেকেও অসম্মান ও নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে আক্ষেপ করেন তিনি।
আত্মীয়স্বজনেরও অভিযোগ
বিদ্যুৎ সরকারের আপন চাচা তালম পান্ডুরা পাড়ার বাসিন্দা আলহাজ মো. তয়জাল হোসেনও তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি বলেন, ভাতিজার কর্মকাণ্ডের কারণে সমাজে সম্মান নিয়ে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। চাঁদাবাজি, পুকুর ও জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কাজে বাধা দিলেও তিনি তা মানেন না। বরং বাধা দিলে মারধরের জন্য তেড়ে আসেন।
তয়জাল হোসেনের অভিযোগ, পুকুর দখলকে কেন্দ্র করে সম্প্রতি ইলিয়াস হোসেন জিন্নাহকেও মারধর করা হয়েছে।
স্থানীয় আমিরুল ইসলাম বলেন, ইলিয়াস হোসেন জিন্নাহকে মারধরের সময় তারা এগিয়ে না গেলে বড় ধরনের বিপদ হতে পারত। তার দাবি, জিন্নাহর পুকুর থেকে আট থেকে ১০ লাখ টাকার মাছ জোর করে ধরে নেওয়া হয়েছে। ৫ আগস্টের পর বিদ্যুৎ সরকার একাধিক পুকুর দখলে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগ অস্বীকার বিদ্যুৎ ও রাব্বানীর
অভিযোগের বিষয়ে বিদ্যুৎ সরকার বলেন, খোসালপুর গ্রামের রাস্তার জায়গা তাদের ব্যক্তিগত সম্পত্তি। গ্রামবাসীর কাছে ওই জমির মূল্য চাওয়া হলেও তারা দিতে রাজি হননি। তাই নিজেদের জায়গা তারা বুঝে নিয়েছেন। ইলিয়াস হোসেন জিন্নাহর পুকুরের মধ্যে তাদেরও ৩৩ শতাংশ জমি রয়েছে। নিজেদের জমির দখল নিয়েছেন মাত্র। সিংড়ার পিপলশন মৌজায় নয় বিঘা জমিও তাদের। আওয়ামী লীগ সরকারের সময় অন্যরা জোর করে সেখানে চাষাবাদ করত। বিএনপি নেতাকর্মীদের জেল-জুলুমের বিষয়ে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ অপরাধের শাস্তি পেয়েছেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন মিথ্যা মামলা ও অভিযোগ করেছেন বলেও দাবি করেন তিনি। গোলাম রাব্বানী তার বিরুদ্ধে ওঠা মামলা ও অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। একই সঙ্গে তালম খেলার মাঠের গাছ বিক্রির অভিযোগ মোকলেছুর রহমানের বিরুদ্ধে তোলেন তিনি।
দলীয় নেতাদের বক্তব্য
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানীকে ভালো ছেলে হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তাদের মতো ভালো ছেলে হয় না। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে বলবেন বলেও জানান তিনি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো. আফছার আলী বলেন, বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানীর বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, অথচ এলাকাবাসী তাদের বিষয়টি আগে জানাননি। অভিযোগগুলো সত্য হলে দলীয় নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানীকে তিনি চেনেন না। তবে বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে আদালতে একটি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর বক্তব্য জানতে গত শুক্রবার ও শনিবার তার দুটি মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠিয়ে সাড়া পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানীর বিরুদ্ধে সাধারণ মানুষ এবং নিজ দলের নেতাকর্মীদের অভিযোগ প্রমাণিত হলে দলীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।