দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন যশোরের বিএনপি নেতারা। পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতারা বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং অতীতের সহিংসতার বিচার নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোর শহরের মনিহার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ফ্যাসিস্টদের বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি কিংবা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ হোক কিংবা অন্য কোনো গোষ্ঠী—দেশের স্বার্থে কোনো আপস করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। এ অবস্থায় কোনো ধরনের আগুন সন্ত্রাস বা নৈরাজ্য বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র মেরামতের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। রক্তক্ষয়ী সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। ১২ ফেব্রুয়ারির নিরপেক্ষ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়ে সমাজের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন। তবে পতিত আওয়ামী লীগ নতুন করে দেশে উত্তেজনা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। অতীতে যেভাবে ঐক্যবদ্ধভাবে তাদের রাজনৈতিক পুনরুত্থান ঠেকানো হয়েছে, ভবিষ্যতেও একইভাবে ঐক্য ধরে রেখে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।
এ ছাড়া জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।