সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চরে অভিযান চালিয়ে জেলি পুশ করা প্রায় ৪৫০ কেজি চিংড়ি জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা চিংড়িগুলো ধ্বংস করা হয়। এসব চিংড়ির আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। 
শুক্রবার (৯ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা মৎস্য দপ্তর ও রায়গঞ্জ উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ও রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চিংড়ির ওজন বাড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এতে জেলি পুশ করা হয়েছিল। এ ধরনের প্রতারণায় ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, জেলি পুশ করা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।