চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীর উন্নত চিকিৎসায় এগিয়ে এলো দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআএম। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আরও দুটি অত্যাধুনিক প্রযুক্তির হিমোডায়ালাইসিস মেশিন (মডেল-৪০০৮এস, জার্মানী) হস্তান্তর করা হয়। কেএসআরএমের পক্ষ থেকে মেশিন দুটি হস্তান্তর করা হয় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিনের কাছে।
এ সময় তিনি বলেন, চমেকে ধারাবাহিক মানবিক সহায়তা দেওয়ার জন্য শিল্পগ্রুপ কেএসআরএম সবসময় অগ্রগামী। হস্তান্তর করা এসব অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন দুরারোগ্য কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য ও নিশ্চিত করবে। কেএসআরএমের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম সহায়তায় কম খরচে উন্নত সেবা পাবেন রোগীরা। এছাড়াও অন্যান্য বিত্তশালীদের এমন কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান পরিচালক তসলিম উদ্দিন। 
প্রসঙ্গত, গত ২৭ জুন চমেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ২ কোটি টাকা মূল্যের বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করে কেএসআরএম। ওই সময় চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ফোরডি আল্ট্রাসাউন্ড মেশিন ও জিই ব্র্যান্ডের একটি উদ্ভাবনী কালার ডপলার সিস্টেম হস্তান্তর করেন কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন।