চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে নানা অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এ ঘটনায় বিদ্যালয়টির আউটসোর্সিংয়ের অফিস সহায়ক শাহজামালকে গ্রেফতারক করেছে সদর থানা পুলিশ।
অভিযোগ রয়েছে, সাবেক প্রধান শিক্ষকদের স্বাক্ষর জাল করে মাস্টার রোলে লোক নিয়োগ, শিক্ষার্থী ভর্তি এবং শিফট পরিবর্তনের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। এ ছাড়া অফিস সহায়ক পদে কর্মরত থেকেও কম্পিউটার অপারেটর পদে বেতন তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত এখনো শেষ হয়নি।
বুধবার (২৮ অক্টোবর) রাতে তাকে থানা হেফাজতে নেওয়া হয়। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তের মধ্যেই নতুন এসব অভিযোগ সামনে আসায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে গঠিত ওই কমিটিকে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়।
তদন্তের অংশ হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমের অফিস সহায়ক শাহজামালের ব্যক্তিগত কম্পিউটার জব্দ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যান। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কম্পিউটারে সংরক্ষিত বিভিন্ন নথি ও তথ্য যাচাই করতে গিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগের বাইরেও বিদ্যালয়ের নিয়োগ, ভর্তি ও শিক্ষার্থীদের শিফট পরিবর্তনসংক্রান্ত বিভিন্ন তথ্য সামনে আসে।
বিদ্যালয় ও প্রশাসনসংশ্লিষ্ট সূত্রের দাবি, অফিস সহায়ক হিসেবে কর্মরত শাহজামালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকদের স্বাক্ষর জাল করে মাস্টার রোলে লোক নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া অফিস সহায়ক পদে চাকরি করেও তিনি কম্পিউটার অপারেটর পদে বেতন তুলতেন বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, তার ব্যক্তিগত কম্পিউটারে মাস্টার রোলে নিয়োগসংক্রান্ত নথি পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে। তবে কোন কোন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, কতজন নিয়োগ পেয়েছেন, কত টাকা লেনদেন হয়েছে এবং কথিত নথিতে কার স্বাক্ষর জাল করা হয়েছে- এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
শুধু নিয়োগসংক্রান্ত নথি নয়, বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও শিফট পরিবর্তনসংক্রান্ত কিছু তথ্যও ওই কম্পিউটারে পাওয়া গেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। এসব তথ্যের সঙ্গে ভর্তি-বাণিজ্য বা অন্য কোনো অনিয়মের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করতে বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে বিদ্যালয়ে যান তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় তিনি সংশ্লিষ্ট নথিপত্র ও অভিযোগের বিভিন্ন দিক পর্যালোচনা করেন বলে জানা গেছে। পরে রাতে শাহজামালকে থানা হেফাজতে নেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, রাত গভীর হওয়া এবং প্রয়োজনীয় কিছু তথ্য ও প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ওই রাতেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।
এর পর আসামী শাহজামালকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, বিস্তারিত জানার পর সব বলতে পারব। আপাতত অভিযুক্তর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ে জালিয়াতির নানা তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জানুয়ারি আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়ার পর থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ শাহজামালকে দিয়ে কম্পিউটার-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল।




