যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বাসসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সাবেক এই সংসদ সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। কেশবপুরের প্রয়াত সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠ হিসেবে তাঁর পরিচিতি ছিল।
রাজনৈতিক জীবনে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে যশোর জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন।