দেশের জনগণকে সঙ্গে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) নাটোর শহরের পুরোনো বাসস্ট্যান্ডে নাটোর ও নলডাঙ্গা উপজেলার বাসিন্দাদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাটোর-২ আসনের সংসদ সদস্য দুলু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। দলটির বিরুদ্ধে সন্ত্রাস, অগ্নিসংযোগ এবং সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়ে মানুষের জীবন বিপন্ন করা হচ্ছে। চালক ও সহকারীদেরও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, বিএনপি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে। কোনো ধরনের নৈরাজ্য বা ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে জনগণকে সঙ্গে নিয়ে সব অপতৎপরতা মোকাবিলা করা হবে।
জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে হুইপ বলেন, সেই সময় সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা এবং প্রাণহানির ঘটনা মানুষ ভুলে যায়নি। শিশু, নারীসহ কেউই নির্যাতন থেকে রেহাই পায়নি। পতিত অপশক্তিকে নতুন করে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম। এ ছাড়া জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বক্তব্য দেন।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুরোনো বাসস্ট্যান্ডের সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।