ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট বর্জন নয়, বরং নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতেই অংশ নিয়েছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার দোয়ালপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্য ভোট বর্জন করা নয়। তারা চান নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ হোক। এই নির্বাচনের পর আরেকটি স্থানীয় নির্বাচন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী নির্বাচন গ্রহণযোগ্য করতে বর্তমান নির্বাচনেও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয়পত্র নিয়ে অভিযোগ তুলে জামায়াতের এ প্রার্থী বলেন, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের কারও কারও পরিচয়পত্র পাওয়া যায়নি। কেউ জানিয়েছেন, তাঁদের পরিচয়পত্র সরবরাহ করা হয়নি। আবার কিছু পরিচয়পত্রে ছবি ছিল না বলেও অভিযোগ করেন তিনি।
দেলাওয়ার হোসেনের দাবি, ২০ থেকে ২৫টি ব্যালট বইয়ে আগে থেকেই সিল মারা ছিল, যা উদ্বেগজনক। আগাম সিল দেওয়া থাকলে ভোট গ্রহণের সময় অনিয়মের সুযোগ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া দুই-তিনটি করে ব্যালট পেপার দিয়ে ভোটারদের সহযোগিতা করার অভিযোগও তাদের কাছে এসেছে বলে জানান তিনি।
জাল ভোট দিতে গিয়ে বিএনপির পাঁচ থেকে ছয়জন কর্মী ধরা পড়েছেন বলেও দাবি করেন জামায়াতের প্রার্থী। পাশাপাশি ধানের শীষ প্রতীকসংবলিত গেঞ্জি পরে দলবদ্ধভাবে ভোটকেন্দ্রের বুথে প্রবেশ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। এসব বিষয় প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান দেলাওয়ার হোসেন।
তিনি আরও বলেন, আগের কয়েকটি নির্বাচনে অনিয়ম ও জাল ভোটের অভিযোগ উঠেছিল। এবারও যেন তেমন পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য তারা স্বচ্ছ নির্বাচন চেয়েছেন। তার অভিযোগ, একটি আসনে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের যে প্রস্তুতি থাকা প্রয়োজন, তা দেখা যায়নি।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকায় মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন ও নারী ৩৮ জন।
গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম পেয়েছিলেন ৩ হাজার ৮৩৩ ভোট।
পরবর্তী সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এরপর সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।