নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে তাঁর ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশের বিভিন্ন ইউনিট।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, মালামাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাচ্ছিলেন ক্রিল ল্যান্ডার। এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগটি আর পাননি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মী নন। এরপর নাটোর সদর থানায় বিষয়টি জানান তিনি। সেখান থেকে তাঁকে রাজশাহীতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
চুরি যাওয়া মালামালের খোঁজে বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীতে যান ক্রিল ল্যান্ডার। ওই রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তাঁর থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় ছিলেন। তবে মালামাল উদ্ধার না হওয়ায় বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় চলে যান।
হোয়াটসঅ্যাপ বার্তায় ক্রিল ল্যান্ডার জানান, ল্যাপটপ উদ্ধারের জন্য সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা অথবা ল্যাপটপটি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আপাতত তাঁর উপায় নেই। তবে শিগগিরই ল্যাপটপটি উদ্ধার হবে বলে তিনি আশাবাদী। পুলিশ নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রেখে তদন্তের অগ্রগতি জানাচ্ছে। ক্রিল ল্যান্ডারের ধারণা, বগুড়া থেকে নাটোর পর্যন্ত রেলস্টেশনগুলোতে কর্মরত ব্যক্তিদের শনাক্ত করে অভিযুক্তকে খুঁজে বের করা সম্ভব।