নিয়োগ পরীক্ষায় নম্বর পরিবর্তন ও নিয়ম লঙ্ঘনের অভিযোগের পরিণতি গড়াল কারাদণ্ডে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক দুই কর্মকর্তা।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে অনিয়মের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও সাবেক সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া। আদালত গোলাম কিবরিয়াকে তিন বছর এবং ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি মোকাররম হোসাইন জানান, মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দিয়েছেন। গোলাম কিবরিয়া অন্য একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন। অপরদিকে ইউসুফ আলী মৃধা পলাতক রয়েছেন।
তবে একই মামলায় অভিযুক্ত অন্য তিনজনকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন রেলওয়ের সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী এবং নিয়োগপ্রার্থী শহীদুল ইসলাম ও ইলিয়াস হোসেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।
মামলার অভিযোগে বলা হয়, নিয়োগ পরীক্ষার লিখিত উত্তরপত্র ও নম্বর তালিকায় পরিবর্তন এনে অকৃতকার্য একজন প্রার্থীকে চাকরির জন্য সুপারিশ করা হয়েছিল। ওই প্রার্থীকে অতিরিক্ত আট নম্বর দিয়ে উত্তীর্ণ দেখানো হয়। পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ ওঠে।
রেলওয়ের ট্রেড অ্যাপ্রেন্টিসের ৪০০টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩৮ হাজার ৩১৭ জন আবেদন করেন। প্রাথমিক বাছাই শেষে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ১৩৯ জন। তাদের মধ্য থেকে ১ হাজার ২২৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছিল।
ঘটনার অনুসন্ধানের পর ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে মামলাটি করেন। পরবর্তী সময়ে ২০১৭ সালের ১২ নভেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগের দিন রোববার (২২ নভেম্বর) রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগে দুর্নীতির আরেকটি মামলাতেও ইউসুফ আলী মৃধা ও গোলাম কিবরিয়াকে কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ফলে পৃথক দুই নিয়োগ দুর্নীতির মামলায় সাজা পেলেন পূর্ব রেলের সাবেক এই দুই কর্মকর্তা।