চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১০ কনটেইনারে ১৫০ মেট্রিক টন কাঁচা তামাক আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক করা তামাকের আমদানি মূল্যে অসংগতি পাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মজুত ও হিসাবপত্র যাচাইয়ে গরমিলের তথ্য পাওয়া গেছে। এই তামাক দিয়ে আনুমানিক ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন সম্ভব, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৬৩ কোটি ৮৮ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহম্মেদ।
তিনি জানান, আটক করা তামাকের প্রকৃতি ও গুণগত মান নিশ্চিত করতে প্রতিটি কনটেইনারের বিভিন্ন অবস্থান থেকে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা দেশের একাধিক বিশ্বস্ত ও অভিজ্ঞ প্রতিষ্ঠানে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রিজভী আহম্মেদ বলেন, তারা তামাকের বিশেষজ্ঞ নন। তাই নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার আগে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়া কঠিন। এ কারণে শুধু এক বা দুটি প্রতিষ্ঠানে নমুনা না পাঠিয়ে দেশের একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নমুনা পরীক্ষায় অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।
আমদানি মূল্যে অসংগতি
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গ্লোবাল লিফ টোবাকো কোম্পানি লিমিটেডের বন্ড সুবিধায় পাকিস্তান থেকে আমদানি করা তামাকের চালানটি চট্টগ্রাম বন্দরে আটক করা হয়।
প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, একই এইচএস কোডের পণ্য প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলারে অ্যাসেসমেন্ট করা হলেও আটক চালানে প্রতি কেজি তামাকের ঘোষিত মূল্য দেখানো হয়েছে ১ দশমিক ৪৫ মার্কিন ডলার। অর্থাৎ, পূর্ববর্তী অ্যাসেসমেন্টের তুলনায় ঘোষিত মূল্য উল্লেখযোগ্যভাবে কম।
পূর্ববর্তী মূল্য বিবেচনায় চালানটির আমদানি পর্যায়ে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা বলে জানিয়েছে অধিদপ্তর।
কর্তৃপক্ষের মতে, বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের প্রকৃত ব্যবহার এবং উৎপাদিত পণ্যের হিসাব যথাযথভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা না হলে আমদানি থেকে শুরু করে উৎপাদন ও বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শুল্ক-কর ফাঁকির ঝুঁকি তৈরি হতে পারে।
প্রতিষ্ঠানের মজুত যাচাইয়ে গরমিল
এদিকে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের আওতাধীন ভ্যাট বিভাগ, কুষ্টিয়ার অধীন গ্লোবাল লিফ টোবাকো লিমিটেডের মজুত ও হিসাবপত্র যাচাইয়ে অসংগতি পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর যুগ্ম কমিশনারের নেতৃত্বে ২৮ সদস্যের একটি বিশেষ নিবারক দল প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে। এ সময় প্রতিষ্ঠানের মজুত উপকরণ, উৎপাদিত পণ্য ও সংরক্ষিত দলিলপত্রের সঙ্গে হিসাবপত্র মিলিয়ে দেখা হয়।
পরিদর্শনে রেজিস্টারে উল্লেখিত পরিমাণের তুলনায় ২ লাখ ৫৭ হাজার ৩৬৯ কেজি কাঁচা তামাক বা র লিফ টোবাকো কম পাওয়া যায়। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ ক্ষেত্রে প্রতি কেজি তামাকের বিপরীতে ৫০ টাকা সুনির্দিষ্ট হারে পরিহারকৃত মূসকের পরিমাণ ১ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।
অন্যদিকে, রেজিস্টারের তুলনায় ১৭ লাখ ২৫ হাজার ৬৭২ দশমিক ২১ কেজি সেমি-প্রক্রিয়াজাত তামাক বা লেমিনা বেশি পাওয়া যায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই সেমি-প্রক্রিয়াজাত তামাক উৎপাদনে ব্যবহৃত কাঁচা তামাক কেনার তথ্য প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে দেখাতে পারেনি। প্রতিষ্ঠানটি উৎসে মূসক কর্তনকারী সত্তা হওয়ায় সংশ্লিষ্ট ক্রয়ের ক্ষেত্রে উৎসে মূসক কর্তনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
এ খাতে পরিহারকৃত উৎসে মূসকের পরিমাণ ২ কোটি ৪১ হাজার ৩২৯ টাকা ৫১ পয়সা বলে যাচাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুটি খাত মিলিয়ে মোট আদায়যোগ্য মূসকের পরিমাণ ৩ কোটি ২৯ লাখ ৯ হাজার ৭৭৯ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মামলা ও লাইসেন্স স্থগিতের প্রক্রিয়া
যাচাইয়ের ফলাফলের ভিত্তিতে পরিহারকৃত ৩ কোটি ২৯ লাখ ৯ হাজার ৭৭৯ টাকা মূসক আদায়ের লক্ষ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ছাড়া বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সের শর্ত ও বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটির লাইসেন্সের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার প্রক্রিয়াও চলছে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।
আটক করা তামাকের নমুনা পরীক্ষার ফলাফল এবং তদন্তের পরবর্তী অগ্রগতির ভিত্তিতে এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে।