নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম আজাদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে সাধারণ মানুষ পাশে দাঁড়িয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করতে ভূমিকা রেখেছে, একইভাবে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জনগণ আবারও ঐক্যবদ্ধ থাকবে বলে তারা আশাবাদী।
তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারের আট মাস পূর্ণ হওয়ার আগেই ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরা ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। দেশকে নিরাপদ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করতেই তারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে।
বর্তমান সরকারের নির্বাচন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, এ সরকার ২০১৪ বা ২০১৮ সালের মতো ভোটারবিহীন কিংবা মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকারের কাছে দেশের মানুষের প্রতি জবাবদিহি রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেল, সদস্যসচিব জহিরুল ইসলাম দোলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভি, মহিলা দলের সভানেত্রী রোকেয়া বেগম, বৃষ্টি আক্তার, রাজন, জামাল খান, মহিদুল ইসলাম খান অস্টিন, নজরুল ইসলাম, আবুল হোসেন ও নাহিদ তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।