নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি গ্রামে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ মো.সাইফুল ইসলাম ওরফে শাকের (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অস্ত্র তৈরির কারিগর হিসেবে পরিচিত গ্রেফতারকৃত শাকের ওই গ্রামের আকরাম উদ্দিন হাজী বাড়ির মুমিন উল্লার ছেলে।  
এ সময় শাকেরের কাছ থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, একটি বন্দুকের বাট রাখার বস্তু, একটি দেশী তৈরী এলজির লোহার বাট, একটি দেশীয় তৈরী বন্দুকের কাঠের বাট, একটি বন্দুকের বড়ির অংশ লোহার তৈরী, একটি লোহার তৈরী বন্দুকের বডির অংশ, একটি লোহার তৈরী বন্দুকের বড়ির অংশ, দেশীয় অস্ত্র তৈরীর কাজে ব্যবহৃত তিনটি প্লাস, একটি অস্ত্র তৈরীর কাজে ব্যবহৃত গ্রেন্ডিং মেশিন তার সহ, অস্ত্র তৈরীর কাজে ব্যবহৃত তিরটি রেদ , একটি দেশীয় তৈরীর অংশ লোহার ট্রেগার, একটি দেশীয় অস্ত্র তৈরীর অংশ বোল্ড ও দেশীয় অস্ত্র তৈরীতে ব্যবহৃত ছোট-বড় আট পিচ এসএস স্টীলের অংশ উদ্ধার করা হয়েছে।
 আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন বলেন. গোপন সংবাদের সূত্রধরে বুধবার রাত সোয়া ৭টার দিকে জেলা ডিবির এসআই মো.ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অস্ত্র তৈরির কারিগর হিসেবে পরিচিত সাইফুল ইসলাম সাকেরকে আটক করা হয়। পরে তার কাচারিঘরে তল্লাশি করে একটি দেশী তৈরি বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।