সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ি মেরামতের কাজ করছিলেন চালক। মুহূর্তের অসতর্কতায় পেছন থেকে ছুটে আসা একটি লরি কেড়ে নিল তার জীবন। ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় ওয়াজেদ আলী (৪০) নামে এক জিপচালক নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে লালপোল বাজারসংলগ্ন মধুপুর রাস্তার মাথায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ আলী ঢাকার বাড্ডা থানার খিলবাড়ির টেক পশ্চিম এলাকার জামাল আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিপগাড়ির একটি চাকা পাংচার হওয়ায় মহাসড়কের পাশে সেটি থামিয়ে মেরামত করছিলেন ওয়াজেদ। এ সময় একই দিক থেকে আসা দ্রুতগতির একটি লং ভেহিকেল পেছন থেকে জিপটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. নুরুল আফছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় জড়িত জিপ ও লরি জব্দ করে সরকারি রেকারের মাধ্যমে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।