শিক্ষার্থীদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি পরিহার করে পড়াশোনা ও নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে রংপুরের বদরগঞ্জ মহিলা কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। কলেজের গভর্নিং বডির সভাপতি কাজী খয়রাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল ইসলাম এবং কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, নারী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ রয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতেও কাজ চলছে।
তিনি আরও বলেন, সরকারের বয়স মাত্র নয় মাস হলেও শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বদরগঞ্জ মহিলা কলেজের অবকাঠামো উন্নয়ন, হলরুম নির্মাণসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। এসব উদ্যোগ এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



