পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহেশপুর উপজেলা কমান্ডের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার রবিউল আউয়াল, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তারসহ অন্য মুক্তিযোদ্ধারা।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ের সময় জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামে মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে এ বাধা সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘিরে মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।



