জামালপুরে স্ত্রী হত্যার দায়ে মো. জাহাঙ্গীর (৩০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক পিপি জানান, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার নলচীর গ্রামের মো. আমান উল্লাহর মেয়ে লাইজুর সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হয়। বিয়ের পর তারা জামালপুরের ইসলামপুর উপজেলার গাওকুড়া গ্রামে জাহাঙ্গীরের বাড়িতে বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই জাহাঙ্গীর দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। লাইজুর পরিবার ওই টাকা দিতে না পারায় তার ওপর নির্যাতন শুরু করেন জাহাঙ্গীর।
২০১২ সালের ২ ডিসেম্বর সকালে লোহার রড দিয়ে লাইজুকে মারধর এবং শ্বাসরোধে হত্যা করেন জাহাঙ্গীর। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন তিনি। এ ঘটনায় লাইজুর বাবা মো. আমান উল্লাহ জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য নথি পর্যালোচনা করে আদালত জাহাঙ্গীরকে দোষী সাব্যস্ত করেন। একই মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. ফজলুল হক পিপি এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মেহেদী হাসান।